বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১২নং গাবুরা ইউনিয়নে মেঘা প্রকল্পের নবনির্মিত ভেড়িবাঁধ রক্ষা ও জনস্বার্থে এক বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বাঁধের ওপর মৎস্যঘের ব্যবসায়ীদের অবৈধভাবে স্থাপিত ক্ষতিকর ‘নাইনটি’ (লবণ পানি নিষ্কাশন ও উত্তোলনের পাইপ) অপসারণ করা হয়। মঙ্গলবার ৭জুলাই টানা বৃষ্টি উপেক্ষা করে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক এর নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার রাশেদ হোসাইন এ অভিযান পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপকূলীয় অঞ্চলের সুরক্ষায় সরকারের ১হাজার ২০ কোটি টাকার মেগা প্রকল্পের আওতায় নির্মিত টেকসই ভেড়িবাঁধের ওপর দিয়ে কিছু মৎস্যঘের মালিক অবৈধভাবে ‘নাইনটি’ পাইপ স্থাপন করে আসছিলেন। এর ফলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বাঁধটি চরম ঝুঁকিতে পড়েছিল। নদী ভাঙন ও পরিবেশ বিপর্যয়ের হাত থেকে এলাকাকে রক্ষা করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে অভিযান চলাকালে ওই এলাকার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জি. এম. মাছুদুল আলম স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “আজ থেকে গাবুরা ইউনিয়নে আর কোনো অবৈধ ‘নাইনটি’ স্থাপন করতে দেওয়া হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বলেন, নদী, ভেড়িবাঁধ ও পরিবেশ রক্ষায় এবং জনস্বার্থে এ ধরনের অবৈধ স্থাপনার বিরুদ্ধে আমাদের এই অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে, যাদের এখনও এ ধরনের অবৈধ পাইপ বা স্থাপনা রয়েছে, তাদের দ্রুত নিজ উদ্যোগে তা অপসারণ করার নির্দেশ দেওয়া হলো, অন্যথায় জনস্বার্থে প্রচলিত আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে,এ সময় তিনি নদী, ভেড়িবাঁধ ও উপকূলীয় অঞ্চলের পরিবেশ রক্ষায় এলাকার সর্বস্তরের জনগণকে আইন মেনে চলার এবং এই অভিযানে সহযোগিতা করার আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ, পানি উন্নয়ন বোর্ড পাউবোর সকল কর্মকর্তাবৃন্দ।