শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

রিপোর্ট ভয়েস অফ সুন্দরবন
সাতক্ষীরার শ্যামনগরে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি, চুরি ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক মৃৎশিল্পী ও ব্যবসায়ী।
বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) দুপুর ২টায় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুশান্ত ঘরামী (৩৮) জানান, তিনি মুন্সিগঞ্জ এলাকার বাসিন্দা এবং পেশায় একজন মৃৎশিল্পী ও ব্যবসায়ী।
তিনি অভিযোগ করেন, ধুমঘাট এলাকার দেবাশীষ আউলিয়া (৪০) ও মিলন কুমার মন্ডল (৩৮)-এর বিরুদ্ধে তার স্ত্রী নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। মামলার পর থেকেই তারা তার ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, গত ৪ জুলাই রাত আনুমানিক ৩টার দিকে তার বসতবাড়ির গোয়াল ঘর থেকে দুইটি লাল রঙের গরু চুরি করে নিয়ে যায় অভিযুক্তরা। এছাড়া ৯ জুলাই সকাল আনুমানিক ৬টার দিকে তারা সংঘবদ্ধভাবে তার বাড়িতে এসে পুকুরের মাছ ধরার উদ্দেশ্যে উঠানে প্রবেশ করে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজসহ হুমকি প্রদান করে।
সুশান্ত ঘরামী দাবি করেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।