মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

রিপোর্ট : ভয়েস অফ সুন্দরবন
রাজধানীর যমুনা ফিউচার পার্ক সংলগ্ন এলাকা থেকে অমল বিশ্বাস (৬০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার ছেলে পিনাক রঞ্জন বিশ্বাস ঢাকার সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত ৩০ জুন ২০২৬ তারিখে দুপুর আনুমানিক ২টা ২৭ মিনিটে শহীদ সুপার মার্কেট, ক-৪২/৫ নম্বর বাসস্ট্যান্ড, ওভারব্রিজের নিচে শ্যামলী বাস কাউন্টারের সামনে থেকে অমল বিশ্বাস নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ অমল বিশ্বাসের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালী গ্রামে। তিনি দেখতে শ্যামলা বর্ণের, উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সাদা চেক শার্ট ও নীল রঙের লুঙ্গি, এবং তার সঙ্গে একটি ছাতা ছিল।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন এবং ওইদিন যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসার কাজের উদ্দেশ্যে আসেন। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।
এ বিষয়ে ভবিষ্যৎ আইনি সহায়তার লক্ষ্যে ঢাকায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে (জিডি নং: ৩৬৪০, ট্র্যাকিং নং: 395KC3)।
পরিবারের সদস্যরা আশঙ্কা প্রকাশ করে জানান, দ্রুত সময়ের মধ্যে তাকে খুঁজে পাওয়া না গেলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।