মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন।
ভুক্তভোগী মোঃ ইব্রাহীম গাজীর দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (২০ এপ্রিল ২০২৬) বিকাল আনুমানিক ৩টা ১০ মিনিটে উপজেলার বল্লভপুর গ্রামে তার বসতবাড়িতে সংঘবদ্ধভাবে হামলা চালায় মাসুদুর রহমান (৫৫), শরিফুল ইসলাম (২১), জি. এম. জিন্নাত আলী (৫০), সালমান (২২), সোলাইমান (২৩) ও ছোট্টু (৪০) সহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জন।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে রান্নাঘরসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে প্রায় ৩৫ হাজার টাকার ক্ষতি সাধন করে। এ সময় ইব্রাহীম গাজীর মেজো ছেলে মনিরুল ইসলাম বাধা দিলে শরিফুল ইসলাম ধারালো দা দিয়ে তার মাথায় কোপ মেরে গুরুতর জখম করে। এছাড়া মাসুদুর রহমান শাবল দিয়ে আঘাত করলে তার বাম হাত ভেঙে যায় বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয়।
ছেলেকে উদ্ধার করতে গেলে ইব্রাহীম গাজী ও তার পুত্রবধূ আঞ্জুয়ারা পারভীনকে মারধর করা হয়। পরে হালিমা বেগম এগিয়ে এলে জি. এম. জিন্নাত আলী লোহার রড দিয়ে আঘাত করে তাকে গুরুতর জখম করে। এ সময় অন্যান্য আসামিরাও এলোপাতাড়ি মারপিট করে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি করে এবং ছোট্টু ঘর থেকে নগদ ৬৫ হাজার ৩০০ টাকা ও মাসুদুর রহমান প্রায় ৯০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার লুট করে নেয়। এছাড়া সালমান ও শরিফুল ইসলামসহ কয়েকজন আঞ্জুয়ারা পারভীন এবং সোলাইমান, মাসুদুর রহমান ও ছোট্টু হালিমা বেগমের শ্লীলতাহানি করে বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার সময় স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় মোঃ ইব্রাহীম গাজী শ্যামনগর থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।