রিপোর্ট : জিএম রাজু আহমেদ
দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, অধিকার সুরক্ষা এবং সরকারি সেবায় সহজ অভিগম্যতা নিশ্চিত করার লক্ষ্যে শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) সকাল ১০:৩০ মিনিটে উপজেলা পাবলিক লাইব্রেরী হল রুম, শ্যামনগর, সাতক্ষীরায় নাগরিক উদ্যোগ শ্যামনগর প্রকল্প অফিসের প্রকল্প কর্মকর্তা চিরনজিত কুমার মালোর সঞ্চালনায় ও জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালোর সভাপতিত্বে "সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধিতে সহায়তা প্রকল্প"-এর আওতায় এ সভার আয়োজন করা হয়। সভাটি নাগরিক উদ্যোগ-এর বাস্তবায়নে, জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা-এর বাস্তবায়ন সহযোগিতায় এবং ফাউন্ডেশন ফর এ জাস্ট সোসাইটি (FJS)-এর অর্থায়নে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের
সহকারী প্রকৌশলী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান। উপজেলা মৎস্য ফিল্ড সহকারী কর্মকর্তা এম মজিবুর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন নকশী কাঁথার নির্বাহী পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি ও জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালো।
সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, দলিত নারী ও কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নিরাপদ পানি ও স্যানিটেশন, কর্মসংস্থান, সরকারি সেবায় প্রবেশাধিকার এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন এবং বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগ শ্যামনগর প্রকল্প কার্যালয়ের প্রকল্প কর্মকর্তা চিরনজিত কুমার মালো, হিসাবরক্ষক কর্মকর্তা অপু চৌকিদার, কমিউনিটি মবিলাইজারগণ, পরিবর্তন সহায়কগণ, সিবিও সদস্যবৃন্দ।
সভা শেষে দলিত নারী ও কিশোরীদের অধিকার নিশ্চিতকরণ, সরকারি বিভিন্ন সেবায় সহজ প্রবেশাধিকার বৃদ্ধি এবং তাদের টেকসই আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।