শ্যামনগর প্রতিনিধি: জি এম রাজু আহমেদ
গাইবান্ধায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ হত্যার প্রতিবাদ, হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (১ জুলাই) বিকেল সাড়ে ৫টায় শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর থানার সামনে দিয়ে জেসি কমপ্লেক্স চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহিম। সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাঈদী হাসান বুলবুল। সমাবেশ পরিচালনা করেন জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম।
প্রধান অতিথি আব্দুর রহিম বলেন, "ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্নকে নস্যাৎ করতে একটি মহল আবারও দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে। ৫ আগস্ট ও '৩৬ জুলাই' ছাত্রসমাজ যখন বুকের তাজা রক্ত ঢেলে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছে এবং দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রেখেছে, তখন একটি গোষ্ঠী রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আধিপত্য বিস্তারে ব্যস্ত ছিল। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না।"
সভাপতির বক্তব্যে জুবায়ের হোসেন বলেন, "ছাত্রশিবিরের একজন কর্মীর রক্তও বৃথা যাবে না। সাইফুল্লাহ হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে। আমরা কোনো প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না; আমরা আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা চাই। হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।"
বিশেষ অতিথি সাঈদী হাসান বুলবুল বলেন, "রাজনৈতিক ভিন্নমত দমনের নামে হত্যা ও সহিংসতা কখনো গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রের দায়িত্ব হলো প্রতিটি নাগরিকের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা। সাইফুল্লাহ হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি চলতে দেওয়া হলে সমাজে অস্থিরতা আরও বাড়বে।"
সমাবেশে বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সাইফুল্লাহ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন। তারা বলেন, এ ধরনের ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে জনগণের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে।
সমাবেশে অংশগ্রহণকারীরা "আমার ভাইয়ের রক্ত কেন, বিএনপি জবাব চাই" এবং **"বিএনপির অনেক গুণ, ৩০০ দিনে ৬০০ খুন"**সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।