রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন শ্যামনগরে “স্থানীয় জলবায়ু সংকট, জনগোষ্ঠীর সমাধান ও দাবি” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা

জি এম রাজু আহমেদ
Update Time : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি জি এম রাজু আহমেদ:

বনবিভাগ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে প্রতিবছরের মতো এবারও শুরু হয়েছে মধু আহরণ মৌসুম। আজ পহেলা এপ্রিল ২০২৬ থেকে আগামী ৩০ মে ২০২৬ পর্যন্ত দুই মাসব্যাপী মৌয়ালরা সরকারি রাজস্ব প্রদান করে সংশ্লিষ্ট বন অফিস থেকে অনুমতি (পাস) নিয়ে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন। বন বিভাগ সূত্রে জানা গেছে, মৌয়ালদের নির্বিঘ্নে মধু সংগ্রহ নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে বাস্তব পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় মৌয়ালরা।

 

উপকূলীয় মুন্সিগঞ্জ, গাবুরা, কলবাড়ী ও মরাগাং গ্রামের পেশাদার মৌয়াল সাহেব আলী, আব্দুল্যাহ, আলীম ও রনজিত জানান, সম্প্রতি সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বেড়ে গেছে। বন্যপ্রাণীর আক্রমণ থেকে কোনোভাবে নিজেদের রক্ষা করা গেলেও বনদস্যুদের হাত থেকে রক্ষা পাওয়া অনেকটাই কঠিন হয়ে পড়েছে। তবুও জীবিকার তাগিদে পরিবার-পরিজন রেখে তাদের বনে যেতে হচ্ছে।

 

তারা আরও জানান, এবছর পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় সুন্দরবনে খলিষা ফুলের ভালো ফলন হয়েছে, ফলে মধুর উৎপাদনও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে খলিষা ফুলের মধু প্রতি কেজি ১,০০০ থেকে ১,৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

 

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ মশিউর রহমান বলেন, চলতি বছরে মধু আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১,১০০ কুইন্টাল এবং মোম সংগ্রহ ৬০০ কুইন্টাল। প্রতি কুইন্টাল মধুর জন্য ১,৬০০ টাকা এবং মোমের জন্য ২,২০০ টাকা হারে রাজস্ব নির্ধারণ করা হয়েছে। এতে মধু থেকে ১৭ লাখ ৬০ হাজার টাকা এবং মোম থেকে ১৩ লাখ ২০ হাজার টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য রয়েছে।

 

তিনি আরও জানান, প্রতি নৌকায় সর্বনিম্ন ৪ জন এবং সর্বোচ্চ ৮ জন মৌয়াল থাকতে পারবেন। বনদস্যুদের বিষয়টি মাথায় রেখে কোস্টগার্ড ও বন বিভাগের সমন্বয়ে যৌথ টহলের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বন্যপ্রাণীর আক্রমণ এড়াতে মৌয়ালদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, গত বছর ৩৬৪টি পাসের মাধ্যমে ২,৪৭১ জন মৌয়াল সুন্দরবনে প্রবেশ করেছিলেন এবং রাজস্ব আদায় হয়েছিল ১৯ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা। এবছর অনুকূল আবহাওয়ার কারণে লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে বন বিভাগ।